টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিলো অ্যামাজন

১২ জুলাই, ২০২০ ০১:০১  
কর্মীদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই সেটি তুলে নিলো অ্যামাজন ডটকম। শুক্রবার এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো। ভুলে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দাবি করে কর্মীদের মোবাইল থেকে টিকটক ভিডিও শেয়ারিং অ্যাপ মুছে ফেলার নিষেধাজ্ঞা বাতিল করা হয়। রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, চীনের সরকারকে তথ্য শেয়ার করছে দাবি করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মাইক পম্পেই টিকটক নিষিদ্ধের কথা জানান। ঠিক একই সপ্তাহে অ্যামাজনের কর্মীদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞার খবরটি বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। প্রাথমিকভাবে অ্যামাজন কী কারণে টিকটক নিষিদ্ধ করেছে সেটি জানা যায়নি। তবে বিষয়টির সাথে জড়িত অ্যামাজনের একজন জেষ্ঠ্য নির্বাহী জানান, ভুল করে কর্মীদের প্রতি এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে টিকটক ও অ্যামাজনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় নিষেধাজ্ঞাটি তুলে নেয় ইকমার্স জায়ান্টটি। ডিবিটেক/বিএমটি